নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ঢাকে কাঠি অনেকদিন আগেই পড়েছিল। এবার ঢাক বাজতেও শুরু করল। আজ, বৃহস্পতিবার থেকেই শহরের নামী পুজো মণ্ডপগুলিতে ‘প্রিভিউ’ শুরু হয়ে যাচ্ছে। ‘মাস আর্ট’ নামে একটি প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে এই ব্যবস্থা শুরু করেছে। এবার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো শুরুর আগেই পুজোর অনুভূতি নিতে এ বছর প্রায় এক লক্ষ বাঙালি নাম লিখিয়েছেন, দাবি উদ্যোক্তাদের। তাঁরা বেছে নিয়েছেন উত্তর-দক্ষিণ কলকাতার ২৪টি সেরা পুজো। তার সঙ্গে আছে একটি বনেদি বাড়ির পুজো দেখার সুযোগও। ফলে আজ থেকেই শহরজুড়ে শুরু হয়ে যাবে আলোর রোশনাই, ঢাকের বাদ্যি। সবমিলিয়ে পুজো শুরু বাঙালির।
২৪টি মণ্ডপের লম্বা তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘ, সন্তোষপুর লেক পল্লি, আলিপুর সর্বজনীন, বেহালা নতুন দল, বেহালা ফ্রেন্ডস, ত্রিধারা, সমাজসেবী, হিন্দুস্থান পার্ক, রাজডাঙা নব উদয় সংঘ সহ আরও অনেক। উত্তর কলকাতায় এমন আমেজ পাওয়া যাবে টালা প্রত্যয়, হাতিবাগান নবীন পল্লি, হাতিবাগান সর্বজনীন দুর্গোত্সব কমিটি, কাশী বোস লেন, চালতাবাগান, চোরবাগান. বেলেঘাটা ৩৩ পল্লি প্রভৃতি পুজোয়। অর্থাৎ দুর্গার আসার এক সপ্তাহ আগেই জোরকদমে কাজ চলছে এই মণ্ডপগুলিতে। অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর এবার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। পুজো উদ্যোক্তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। যাঁদের জন্য এতদিনের পরিশ্রম, তাঁদের কেমন লাগে তা জানতে উদগ্রীব। মণ্ডপে আগত দর্শকদের দৃষ্টিসুখের এতটুকু যেন খামতি না হয় তার দিকে নজর। আর প্রবল ভিড় ঠেলে পুজোর চারদিন ঠাকুর দেখতে অনেকেই শারীরিকভাবে পেরে ওঠেন না। তাই বিনামূল্যে এমন সুযোগ অনেকেই হাতছাড়া করেননি।
টালা প্রত্যয়ের উদ্যোক্তা এবং মাস আর্টের সম্পাদক ধ্রুবজ্যোতি বসু (শুভ) বলেন, ‘কলকাতার দুর্গাপুজো গোটা পৃথিবীতে জনপ্রিয়। আজ, বৃহস্পতিবার দেশ-বিদেশ থেকে বহু মানুষ কলকাতার রাস্তায় নামবেন। এটা একটা গাইডেড ট্যুর। মানুষের সামনে শিল্প তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’ তিনি আরও জানিয়েছেন, অনুমান, এ বছর প্রায় এক লক্ষ মানুষ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন। দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেকপল্লির উদ্যোক্তা সোমনাথ দাস বলেন, ‘আমরা একেবারে প্রস্তুত। কয়েক বছর ধরেই দুর্গাপুজো আর চারদিনের নেই। সে কথা মাথায় রেখেই কাজ করা হয়। আবহাওয়ার উপর নির্ভর করে সবটাই।’
এ বছর শহর কলকাতায় প্রায় তিন হাজার বারোয়ারি পুজো হচ্ছে। রাজ্যজুড়ে সেই সংখ্যা ৪৫ হাজার। ২১ তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করবেন বলে জানা গিয়েছে। কলকাতার বাকি বড় পুজোগুলি ২৪ তারিখ থেকে সর্বসাধারণের জন্য খুলে দিয়ে পরিকল্পনা করেছে। চলেই এল বাঙালির শ্রেষ্ঠ উত্সব। এবার উপভোগের পলা শুরু।