নয়াদিল্লি: ট্রেনের বিলাসবহুল কোচে একেবারে ‘হানিমুন স্যুট’ বানিয়ে কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিল রেল। সাসপেন্ড হতে হয়েছিল টিকিট পরীক্ষককে। সেই রেশ মিটতে না মিটতেই আবার এক বিতর্ক। এবার সোশ্যাল মিডিয়ায় অন্য এক ভিডিও ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, ট্রেনের কামরার ভিতরে চলছে পূজার্চনা। কপালে তিলক, সাদা পাঞ্জাবি-পাজামা পরে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ভক্ত। কামরার মাঝখানে মাটিতে বসে মন্ত্র পাঠ করছেন পুরোহিত। এই ভিডিও ভাইরাল হতেই নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, চলন্ত ট্রেনের ভিতর আদৌ কি এরকম পূজাপাঠ করা যায়? সমালোচনার জবাবে নর্দার্ন রেলওয়ের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হচ্ছে, আইআরসিটিসির মাধ্যমে ৩ লক্ষ ৮ হাজার ৫৮০ টাকায় ওই স্যালন কারটি অগ্রিম বুকিং করা হয়েছিল। এটা কোনো যাত্রীর পুরোপুরি ব্যক্তিগত বগি। এর সঙ্গে গোটা ট্রেনের অন্য কোনো বগি বা যাত্রীর সম্পর্ক নেই। গত ১০ জুলাই নয়াদিল্লি থেকে মুম্বইগামী পশ্চিম এক্সপ্রেসের সঙ্গে ওই স্যালন কারটি জুড়ে দেওয়া হয়। ওই ঘটনায় ট্রেনের নির্ধারিত সময়ের কোনও পরিবর্তন হয়নি, যাত্রী পরিষেবাতেও কোনও সমস্যা হয়নি। আর না তো ওই ঘটনার জন্য কেউ জখম হয়েছেন।



