Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১০ লক্ষের বেশি বাজেট হলে অনুদান পাবে না পুজো কমিটি

রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। ইতিমধ্যে খুঁটিপুজো সেরে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়।

১০ লক্ষের বেশি বাজেট হলে অনুদান পাবে না পুজো কমিটি
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। ইতিমধ্যে খুঁটিপুজো সেরে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়। ভিড় টানতে কী কী চমক রাখা হবে এবার, তা নিয়ে পুজো কমিটির অফিসে চলছে চুলচেরা বিশ্লেষণ। সময় যত গড়াবে, পুজোকর্তাদের ব্যস্ততাও ততই তুঙ্গে উঠবে। এসবের মধ্যে রাজ্যের বহু পুজো কমিটি অধীর আগ্রহে অপেক্ষা করছে পুজো অনুদান নিয়ে নতুন সরকারের সিদ্ধান্ত জানার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আগেই ঘোষণা করেছেন, রাজ্যের আর্থিক অনুদান ছাড়া যাদের পক্ষে পুজো আয়োজন সম্ভব নয়, তারা নিশ্চয়ই টাকা পাবে। কিন্তু কীসের ভিত্তিতে ঠিক হবে, কাদের পক্ষে সম্ভব আর কাদের পক্ষে সম্ভব নয়? সূত্রের খবর, যেসব দুর্গাপুজো কমিটির বাজেট ১০ লক্ষ টাকার কম, তাদের আর্থিক অনুদান দেবে রাজ্য। এর বেশি বাজেট হলে অনুদান মিলবে না। তবে নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে প্রশাসনের শীর্ষপর্যায়ে আরও এক দফা আলোচনার সম্ভাবনা আছে। তারপরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে রাজ্য সরকার।

Advertisement

সেক্ষেত্রে কত টাকা করে অনুদান পাবে পুজো কমিটিগুলি? গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। এই টাকার অঙ্ক এবার কিছুটা হলেও বাড়বে বলে গুঞ্জন শোনা যাচ্ছে নবান্নের পাওয়ার করিডরে। ওয়াকিবহাল মহলের ধারণা, এবার অনুদানের অঙ্ক ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা করা হতে পারে। তবে সব পুজো যেহেতু অনুদান পাবে না, সেক্ষেত্রে বেশ কিছু কমিটি প্রাপকের তালিকা থেকে বাদ যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে অনেক নতুন দুর্গাপুজো অনুদান পাওয়ার তালিকায় যুক্তও হতে পারে। 
জানা গিয়েছে, সম্প্রতি ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পুজোকেন্দ্রিক হোর্ডিং-ব্যানারের উপর পুরসভার ট্যাক্স এবং বিদ্যুৎ বিলে ছাড়ের মতো বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয় বলে খবর। ওই বৈঠকে উঠে আসা বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে মুখ্যমন্ত্রী পৃথকভাবে বৈঠক করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, এ বছর বাংলায় আরও বড়ো ও সুন্দর করে পুজো হবে। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ