Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন অডিটোরিয়ামের জন্য পূর্ত দপ্তরের জমি চিহ্নিত, অনুমতির অপেক্ষায় পুরসভা

নতুন অডিটোরিয়ামের জন্য পূর্ত দপ্তরের জমি চিহ্নিত, অনুমতির অপেক্ষায় পুরসভা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভা অডিটোরিয়াম করার উদ্যোগ নিয়েছে। এর জন্য মঙ্গলবাড়ি সদরে সামুন্ডাই মৌজায় পূর্ত দপ্তরের জায়গা চিহ্নিত করেছে পুরসভা। বিস্তারিত তথ্য দিয়ে জেলা প্রশাসনের ভূমি এবং ভূমি সংস্কার বিভাগকে আবেদন করা হয়েছে দ্রুত জমি হস্তান্তরের ব্যবস্থা করার জন্য। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমাদের প্রাচীন শহরে অডিটোরিয়াম নেই। বড় জায়গা খুঁজেও পাচ্ছি না। মঙ্গলবাড়িতে একটি জায়গা চিহ্নিত করেছি। তবে সেটি পূর্ত দপ্তরের। ওই জায়গা হস্তান্তরের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। সবুজ সঙ্কেত পেলে ধাপে ধাপে কাজ এগিয়ে যাবে। 
পুরাতন মালদহ পুরসভা শতাব্দী প্রাচীন। তবুও পুর এলাকায় একটা অডিটোরিয়াম তৈরি হয়নি। শহরে ২০টি ওয়ার্ডে পাঁচটি হাই এবং একাধিক প্রাইমারি এবং বেসরকারি স্কুল রয়েছে। অভিযোগ, বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলে শহরের বাসিন্দাদের ইংলিশবাজার শহরের অডিটোরিয়ামের উপর ভরসা করতে হয়। আবার অনেকে সাহাপুরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠান করেন। এতে বাড়তি খরচ হয়ে যায়। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল অডিটোরিয়ামের। শহরের শিল্পী চিরঞ্জিত ঘোষ বলেন, মালদহের নিজস্ব লোকসঙ্গীত গম্ভীরা। বিশ্বের দরবারে এর পরিচিতি রয়েছে। অথচ এখানে অডিটোরিয়াম নেই। অনেক সময় আমাদের অনুশীলন করার প্রয়োজন পড়ে। তখন ক্লাবে বা কারও বাড়ির ছাদে করতে হয়। সংস্কৃতি ধরে রাখতে অডিটোরিয়াম খুব প্রয়োজন। পুরাতন মালদহ ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন্দ্রনাথ সাহা বলেন, জেলা প্রশাসন আমাদের কাছে জায়গার বিষয়ে জানতে চাইলে, খতিয়ে দেখে রিপোর্ট দেব।

Advertisement

 অডিটোরিয়াম না থাকায় ফাঁকা জায়গাতেই চলছে অনুষ্ঠান।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ