সংবাদদাতা, রঘুনাথপুর: বর্ষা নামতেই রাজ্য সড়কগুলির বেহাল অবস্থা হয়ে পড়েছে। সেই সড়কগুলি সংস্কারে পূর্ত দপ্তরের তেমন উদ্যোগ নজরে আসেনি। বর্তমানে উদাসীন পূর্ত দপ্তর । তাই এবার রাজ্য সড়কের গর্ত ভরাটে হাত লাগালো পুলিশ নিজেই। রবিবার পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানা এলাকায় এমনই চিত্র দেখা যায়। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অনেক সময় অভিযোগ ওঠে, দুর্ঘটনা ঘটার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু এবার দুর্ঘটনা এড়াতে পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছে।
জানা গিয়েছে, রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি দিয়ে ৫০ টির বেশি বেসরকারি বাস যাতায়াত করে। এছাড়া প্রায় কয়েক হাজার ছোট, বড় গাড়ি প্রতিদিন চলাচল করে। সেই রাজ্য সড়কের উপর সাঁতুড়ি থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তগুলির জেরে রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল করা গাড়িগুলি দুর্ঘটনা কবলে পড়েছে। অভিযোগ, রাজ্য সড়কে বেহাল অবস্থার বিষয়ে এলাকার বাসিন্দাদের তরফ থেকে পূর্ত দপ্তরে একাধিক অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তাই বড়সড়ো দুর্ঘটনায় এড়াতে এবার পুলিশ নিজেই সড়ক সংস্কারে নেমে পড়ে। গর্তগুলিতে ভাঙ্গা ইট দিয়ে এদিন ভরাট করেন তাঁরা। এছাড়া উপরে পাথরের ডাস্টও দেওয়া হয়। পুলিশের এই দৃশ্য ইতিমধ্যে এক আলাদা নজির সৃষ্টি করেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রঘুনাথপুর বড় কালী মন্দিরের কাছে একইভাবে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছিল। রঘুনাথপুর - বরাকর রাজ্য সড়কের সেই গর্তগুলির জেরে দুর্ঘটনাও ঘটছিল। সে দৃশ্য দেখার পর এলাকার সাধারণ মানুষ গর্ত ভরাটে হাত লাগিয়েছিল। এবং গর্ত ভরাট করেছিল। এলাকার মানুষের অভিযোগ, পূর্ত দপ্তর আগাম প্রস্তুতি রাখে না। যার জন্য সাধারণ মানুষকে প্রত্যেক বর্ষাতেই অসুবিধায় পড়তে হয়।