Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পতিরামের কিসমতপুরে মোমবাতির আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের

পতিরামের কিসমতপুরে মোমবাতির আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: মোমবাতি জ্বালিয়ে রাতে ঘুমিয়েছিলেন। সেই মোমবাতির আগুনেই দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পতিরাম থানার কিসমতপুর এলাকায়। মৃতের নাম শপলা মুর্মু (৬৭)। তিনি বাড়িতে একাই থাকতেন। ঘরে ছিল না ইলেকট্রিকের ব্যবস্থা। আলোর জন্য প্রতিদিন রাতে মোমবাতি জ্বালিয়ে মেঝেতেই বিছানা করে ঘুমোতেন। 
Advertisement
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। মঙ্গলবার রাতেও মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। মোম পড়ে বিছানায় কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন থেকে বের হতে পারেননি বৃদ্ধ। বুধবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে পড়শীরা।
পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, মৃতের দুই ছেলে ভিনরাজ্যে কাজ করেন। বৃদ্ধের স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছেন। বৃদ্ধের বাড়ির পাশে তাঁর বোনের বাড়ি। মৃতের বোন মাথিয়া মুর্মু জানান, ঘরে দাদা একাই থাকতেন। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় হয়তো আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। দাদার মুখ, পেট, পিঠ ও বুক পুড়ে গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ