নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের একটি আবাসনের পরিচালন সমিতি পথকুকুরদের খেতে দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। হুগলির প্রাণীপ্রেমীদের যুক্তমঞ্চ এনিয়ে দেশের আইনব্যবস্থার কিছু নির্দেশিকা তুলে ধরে পরিচালন সমিতিকে চিঠি দিয়েছিল। যুক্তমঞ্চের দাবি, তারই প্রেক্ষিতে শনিবার পরিচালন সমিতি তাদের আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে। যুক্তমঞ্চের অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, স্থানীয় প্রাণীপ্রেমীরা এনিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। দেশের আইন ব্যবস্থায় পথকুকুরদের খেতে দেওয়া নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা আছে। আমরা কৃতজ্ঞ যে ওই আবাসনের পরিচালন সংস্থা তাদের ফতোয়া প্রত্যাহার করেছে।



