নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে যাওয়া ও আসার পথে কয়েকটি দুর্ঘটনা মিলিয়ে জখম হয়েছে অন্তত আটজন পড়ুয়া। তাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে হাসপতালে বসে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। উত্তর ২৪ পরগনার হাবড়া ফুলতলা বিশ্বাসপাড়ায় বাইক থেকে পড়ে জখম হয় দুই ছাত্রী। হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক ছাত্রীর মাথায় ১৪টি ও অন্য ছাত্রীর নাকে তিনটি সেলাই দিতে হয়েছে। বাসন্তী হাইওয়ের মিনাখাঁ সংলগ্ন এলাকায় আরও দু’টি দুর্ঘটনা ঘটেছে। তাতে ছয় পরীক্ষার্থী জখম হয়েছে। টোটো ও অটোর সংঘর্ষে আহত হয়েছে দু’জন। পুলিস তাদের দ্রুত উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয় কলকাতার পিজি হাসপাতালে। পাশাপাশি মিনাখাঁর যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখাঁ পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত হয় চার ছাত্রী। বনগাঁর বিভিন্ন রাস্তায় যানজট ছিল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হচ্ছিল পড়ুয়াদের। খবর পেয়ে পৌঁছে যান বনগাঁ থানার উইনার্স টিমের পুলিসকর্মীরা। তাঁরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন।
Advertisement
চাকদহ পরীক্ষা চলাকালীন কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। বাকি পরীক্ষা হাসপাতালে বসে দেয় সে। সোমবারও ইতিহাস পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়েছিল ওই ছাত্রী।



