মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) স্টুডিওয়ের প্রধান লুইস বি মেয়ারের ডিনার টেবিলে তুমুল আলোচনা চলছে। অতিথি হিসেবে রয়েছেন অভিনেতা কনরাড ন্যাগেল, পরিচালক ফ্রেড নিবলো ও প্রযোজক ফ্রেড বিটসন। চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে একটি সংস্থা গড়ার কথা ভাবেন তাঁরা। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। ১৯২৭ সালের জানুয়ারি মাস। সম্ভবত ২১ তারিখ। অ্যাম্বাসেডর হোটেলে জড়ো হলেন সিনেমার সঙ্গে যুক্ত ৩৬জন বিখ্যাত ব্যক্তিত্ব। ‘ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি মোশন পিকচার আর্টস ও সায়েন্সেস’ নামক একটি অলাভজনক সংস্থা গঠনে মত প্রকাশ করেন তাঁরা। কাজ শুরু হয়। এক সপ্তাহের মধ্যে এই সংস্থা সরকারি অনুমোদন পেল। এই উপলক্ষ্যে ৩০০ জনকে নিয়ে একটি ভোজন সভার আয়োজন হয়। এর মধ্যে ২৩০ জন সেদিনই ১০০ ডলার করে চাঁদা দিলেন। সংস্থার প্রথম মেম্বার হলেন থমাস এডিসন। প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডগলাস ফেয়ারব্যাঙ্ক। ৬৯১২ হলিউড বোলেভার্ডে প্রথম অফিস ভাড়া করা হয়েছিল। ১৯২৯ সালের ১৬ মে। রুজভেল্ট হোটেলে ওই সংস্থার তরফে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে প্রদান করা হয়েছিল প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। ২৭০ জন উপস্থিত ছিলেন সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। টিকিটের দাম ছিল ৫ ডলার। প্রথম সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন জার্মান অভিনেতা এমিল জ্যানিংস। যদিও ব্যক্তিগত কারণে সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। অনুষ্ঠান চলেছিল ১৫ মিনিটের জন্য। প্রথম ও দ্বিতীয় আসরে মোট ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছিল। এরপর থেকে এই আসরের সুনাম বাড়তে থাকে। বর্তমানে ২০০-এর বেশি দেশের মানুষ এই অনুষ্ঠান সরাসরি টেলিভিশনের পর্দায় দেখেন।



