Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পশ্চিমী ঝঞ্ঝার খেলা, জানুয়ারি  শেষেও জারি শীতের ওঠা-নামা 

পশ্চিমী ঝঞ্ঝার খেলা, জানুয়ারি  শেষেও জারি শীতের ওঠা-নামা 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারির শেষে শীতের ওঠা-নামা অব্যাহত। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা বেড়ে গেলেও শীতের আমেজ কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের একেবারে শেষ থেকে  আগামী সপ্তাহের শুরুতে কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় কিছুটা কনকনে শীত পড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে তাঁরা আশা করছেন। ওই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে আসতে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এই সপ্তাহে ছুঁতে পারে ১৮ ডিগ্রি। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, সাম্প্রতিক অতীতে জানুয়ারি মাসের একেবারে শেষে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার নজির আছে। জানুয়ারির মাসের শীতলতম দিন মাসের শেষের দিকে হয়েছে এমনও ঘটেছে একাধিকবার। আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই এলাকায় শীতের বিদায় শুরু হয়।  সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় তখন পাকাপাকিভাবে ২০ ডিগ্রির আশপাশে চলে আসে। 
Advertisement
পশ্চিম হিমালয় ও সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ায় দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কমেছে। কারণ উত্তুরে হাওয়া দুর্বল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প টেনে আনে। তার জন্য শীত আরও কমজোরি হয়ে যায়। এখন সেটাই হচ্ছে। উত্তর ভারতের উপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আছে।  এর প্রভাবে উত্তর ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর ভারতের কিছু এলাকায় ওইসময়ে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তর ভারত থেকে ফের ঠান্ডা উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে এলেই তাপমাত্রা কমতে শুরু করবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ