Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিটি পঞ্চায়েতে একটি মডেল অঙ্গনওয়াড়ি তৈরি করবে প্রশাসন

প্রতিটি পঞ্চায়েতে একটি মডেল অঙ্গনওয়াড়ি তৈরি করবে প্রশাসন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা-২ ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে যাচ্ছে প্রশাসন। প্রসূতি ও শিশুদের চাহিদা লক্ষ্য করে তৈরি হবে নয়া পরিকাঠামো। সাড়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে সাজানো হবে মডেল কেন্দ্রগুলিকে। দিনহাটা-২ ব্লকে আছে ১২টি গ্রাম পঞ্চায়েত। মোট ১২টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হবে ব্লকে। সেখানে শিশুদের পড়াশোনার জন্য থাকবে একটি করে স্মার্ট ক্লাসরুম, থাকবে খেলাধুলোর ব্যবস্থা। এছাড়াও মায়েদের বসার জায়গা সহ একাধিক ব্যবস্থা থাকবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফাঁকা জমিতে কিচেন গার্ডেন তৈরি করা হবে। 
Advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিকাঠামোর অভাব রয়েছে। দু’টি মাত্র ঘর রয়েছে সেগুলিতে। শিশুদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। গর্ভবতী মহিলারা কেন্দ্রে এলেও তাঁদের বসারও জায়গা থাকে না। তাই এবারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা দ্রুত বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিতে চলেছে ব্লক প্রশাসন। 
নয়া মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা যাতে খেলতে পারে তাই সেখানে দোলনা রাখা হবে। তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। সেখানে অ-আ-ক-খ থেকে প্রাথমিক জ্ঞান সংগ্রহ করবে শিশুরা। তাদের পড়াশোনায় আগ্রহ তৈরি করতেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য গ্রহণ করা হচ্ছে। যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলে শিশুদের মানসিক বিকাশ দ্রুত ঘটে। এমন সুযোগ সুবিধা থাকলে শিশুরা নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির হবে। 
সন্তানের জন্মের পূর্বেই তাদের মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সাধারণত আসেন। প্রসূতিদের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয় সেখান থেকে। রান্নার সময় অপেক্ষারত গর্ভবতী মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হবে মডেল কেন্দ্রগুলিতে। মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারদিকে প্রাচীর থাকবে। ফাঁকা জায়গায় কিচেন গার্ডেন তৈরি করা হবে। সেখানে সব্জি চাষ করা হবে। যেসব সব্জি দিয়ে রান্না করা হবে। দিনহাটা-২ এর বিডিও নীতিশ তামাং বলেন, ১২টি গ্রাম পঞ্চায়েতে একটি করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ