Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণা মামলায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল আদালত

প্রতারণা মামলায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল আদালত
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: প্রতারণা মামলায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠালেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এই মামলায় শুধুই ধর্মেন্দ্র নন, আরও দু’জনকে সমন পাঠিয়েছে দিল্লির নিম্ন আদালত। দিল্লির এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই সমন বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৮ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে ৯ কিংবা ২৪ নম্বর জাতীয় সড়কের উপর ‘গরম ধরম ধাবা’-র শাখা খোলার জন্য বিনিয়োগের প্রস্তাব নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন দুই ব্যক্তি। তাদের কথা মতো ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী। সেই বছরের সেপ্টেম্বর মাসে ‘গরম ধরম ধাবা’ খোলার জন্য একটি জমিও কেনা হয় বলে ব্যবসায়ীকে জানান ওই দুই ব্যক্তি। যদিও ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি নিজে কোনওদিন সেই জমি চোখে দেখেননি। দীর্ঘদিন কেটে গেলেও দিল্লির ব্যবসায়ীর সঙ্গে আর দেখা করেননি ওই দু’জন ব্যক্তি। তারপরেই আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী। গত ২০২০ সালের ৯ অক্টোবর ওই মামলায় এফআইআর নথিভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। তবে সেই সময় থেকেই অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখেন বিচারক। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়। যার ভিত্তিতে ওই দুই ব্যক্তি ও ধর্মেন্দ্রকে এতদিন বাদে সমন পাঠিয়েছে দিল্লির নিম্ন আদালত। আগামী বছরের ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে বর্ষীয়ান অভিনেতা ও ওই দুই ব্যক্তিকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ