Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিরক্ষা মন্ত্রকের ভুয়ো প্রতীক লাগানো গাড়ি থেকে গাঁজা উদ্ধারে দোষী সাব্যস্ত ৩

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ভুয়ো প্রতীক ও নীলবাতি লাগানো গাড়িতে ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছিল প্রায় ৩৫৩ কেজি গাঁজা। সেই ঘটনায় ধৃত তিন মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত।

প্রতিরক্ষা মন্ত্রকের ভুয়ো প্রতীক লাগানো গাড়ি থেকে গাঁজা উদ্ধারে দোষী সাব্যস্ত ৩
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ভুয়ো প্রতীক ও নীলবাতি লাগানো গাড়িতে ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছিল প্রায় ৩৫৩ কেজি গাঁজা। সেই ঘটনায় ধৃত তিন মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার কলকাতা নগর দায়রা বিশেষ কোর্টের বিচারক রোহন সিনহা মাদক আইনে তিন অভিযুক্তকে দোষী সাব্য‌স্ত করেন। সোমবার অপরাধীদের সাজা ঘোষণা করবে আদালত। ঝাড়খণ্ডের বাসিন্দা তিন অপরাধীর নাম রুপদেও লোহার, সুরেশ সোনি ও মহাদেব ওরাঁও। সম্প্রতি তারা শর্তসাপেক্ষে জামিন পেয়েছিল। এদিন দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি আইনজীবী টুলটুল দে সাংবাদিকদের জানান, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দুপুরে কলকাতা পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা তারাতলা এলাকা থেকে গাড়িতে থাকা মাদক সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করে। গাড়ির ভিতরে বিপুল পরিমাণ গাঁজা একটি বড় কালো কাপড়ে ঢাকা ছিল। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় অসম ও ঝাড়খণ্ডের গাড়ির ভুয়ো কয়েকটি নম্বর প্লেট। বাজেয়াপ্ত গাড়ির নম্বর প্লেটটিও জাল ছিল। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, পুলিসের দৃষ্টি এড়াতেই মাদক বোঝাই গাড়িতে নীলবাতি ও প্রতিরক্ষা মন্ত্রকের ভুয়ো প্রতীক লাগানো হয়েছিল। ঝাড়খণ্ড থেকে ওই মাদক কলকাতায় পাচারের জন্য আনছিল তারা। 
Advertisement
এই মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন মোট আটজন। উদ্ধার হওয়া গাঁজার নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে রিপোর্ট আসে, ওই মাদক হল আসল গাঁজা। দীর্ঘ শুনানি শেষে বিচারক এদিন তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। রায় শুনে এজলাসের লকআপেই মুষড়ে পড়ে তিনজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ