সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচণ্ডী মোড় যানজট মুক্ত করতে দু’দিকের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে রাস্তার পাশে পেভার ব্লকও বসানো হবে।
Advertisement
পুরাতন মালদহ পুরসভা সূত্রে জানা গিয়েছে, নালাগোলা রাজ্য সড়ক পূর্তদপ্তরের অধীনে। বামদিকে ছানা মার্কেট সংলগ্ন এলাকার রাস্তা ৬৭ মিটার লম্বা হবে। চওড়া হবে ১৮ ফুট। ডানদিকে পুরসভার শৌচালয় সংলগ্ন এলাকায় ৪৪ মিটার লম্বা এবং চওড়া হবে ১৫ ফুট। দু’দিকে প্লেভার ব্লক বসানো হবে। পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্পে কাজটি হচ্ছে। এজন্য সব মিলিয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে হবে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বুলবুলচণ্ডী মোড় শহরের বড় জংশন এলাকা। রাস্তাটি পূর্তদপ্তরের অধীনে রয়েছে। আমরা পুরসভা থেকে অনুমতি নিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছি। একাধিকবার পরির্দশন করেছি। আগে ফুটপাত ছিল। ওই রাস্তা ছোট থাকায়, একবারে দু’টি গাড়ি এক সঙ্গে যেতে পারত না। সেজন্য অতীতে দুর্ঘটনাও ঘটেছে। সম্প্রসারণের কাজ শেষ হলে সকলেরই সুবিধা হবে। বুলবুলচণ্ডী মোড় শহরের কার্যত লাইফ লাইন। সেখানে অস্থায়ী বাসস্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড রয়েছে। ওই স্ট্যান্ডে অনেক যাত্রী বামনগোলা এবং হবিবপুর গামী গাড়ি ধরার জন্য সেখানে দাঁড়িয়ে থাকেন। সেজন্য দিনভর সেখানে প্রচুর সমাগম হয়। অভিযোগ, ওই রুটের বিশেষ করে রাস্তার উপর ফুটপাতে প্রকাশ্যে অনেক ব্যবসায়ী দোকান বসিয়েছিলেন। এতে ওই রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছিল। মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারত না। রাস্তা সম্প্রসারণ হলে মানুষের সুবিধা হবে। পুরসভার এক আধিকারিক বলেন, ফুটপাত ফাঁকা করা হয়েছে। তারপর সেখানে মাটি ফেলে উঁচু করা হয়েছে। তারপর ধাপে ধাপে কাজ হচ্ছে।



