নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে বন্ধ এজলাসে দ্বিতীয় পর্যায়ে শুনানির দিন ধার্য হল আগামী ১৮ মার্চ। সোমবার কলকাতার বিচারভবনের ‘বিশেষ আদালত’ এই শুনানির দিন ধার্য করে। পাশাপাশি ২৬ ও ৩১ মার্চও চলবে এই শুনানি। এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র তরফে এই মামলায় সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়। এরপরই বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এই মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন,‘জেল হেফাজতে থাকা আমার মক্কেল অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাই তাঁকে শুনানিতে অংশ গ্রহণ করানো যায়নি।’
Advertisement
অন্যদিকে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল বলেন,‘আমাদের মক্কেল সহ কয়েকজনকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এদিন ভার্চুয়ালের মাধ্যমে অংশগ্রহণ করানো হয়।’ এদিকে, নিয়োগ দুর্নীতির এই মামলায় জামিনে থাকা অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় সহ অন্যানরা অভিযুক্তরা এদিন হাজির ছিলেন আদালতে। আর ইডি সূত্রের খবর, এই ‘হাইপ্রোফাইল’ মামলায় এখনও পর্যন্ত দু’জন সাক্ষী আদালতে তাঁদের সাক্ষ্য পেশ করেছেন। তাঁরা দু’জনেই ব্যবসায়ী।



