Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্কুল, জনবহুল স্থানে জল সরবরাহের প্রকল্প

প্রাথমিক স্কুল, জনবহুল স্থানে জল সরবরাহের প্রকল্প
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্লকজুড়ে জনবহুল স্থানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে মেগা প্রকল্প নিয়েছে চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতি। এজন্য প্রথম নজর দেওয়া হয়েছে প্রাথমিক স্কুল ও শিক্ষাকেন্দ্রগুলির দিকে। সমস্ত স্কুলে যাতে পানীয় জলের নিরাপদ উৎস থাকে, তা নিশ্চিত করতে স্কুলগুলিকে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে পানীয় জলের উৎস থাকবে না, সেখানেই যুদ্ধকালীন তৎপরতায় জলের ব্যবস্থা করা হবে। ব্লকের হাট-বাজার, গণশৌচাগার, বাসস্ট্যান্ড সহ সমস্ত জনবহুল এলাকাকে ওই পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। পঞ্চায়েত সমিতির দাবি, আবেদন পাওয়া মাত্র দ্রুত পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। এজন্য টাকার অভাব হবে না।
Advertisement
চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, জলের নিরাপদ উৎস ছাড়া নানা রকমের রোগ তৈরি হয়। নাগরিক স্বাস্থ্য এবং জলের প্রয়োজনের কথা ভেবেই মেগা প্রকল্প নেওয়া হয়েছে। সমস্ত প্রাথমিক স্কুলে মিড ডে মিল চলে। ফলে জলের ব্যাপক চাহিদা থাকে। আমরা সমস্ত স্কুলকে সুষ্ঠু জল সরবরাহ ব্যবস্থার আওতায় আনতে চাইছি। এনিয়ে স্কুলগুলিকে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি, ব্লকের হাট-বাজার, বাসস্ট্যান্ড, সহ যে সমস্ত জায়গায় জনসমাগম বেশি হয়, সেখানেই পানীয় জলের উৎস তৈরি করা হবে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। স্কুলে পরিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন সবচেয়ে বেশি। প্রয়োজনে আমরা জেলা পরিষদ থেকেও ওই কাজে সাহায্য করতে পারব। সমস্ত স্কুল ও শিক্ষাকেন্দ্রগুলিকে আমরা তাদের প্রয়োজনের কথা জানাতে বলছি।
পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে প্রতি বছরের পরিকল্পনা তৈরি করা হয়। ২০২৪ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পরিকল্পনা করা হয়েছিল। আর ২০২৫ সালে সুষ্ঠু পানীয় জলের উৎস তৈরির কাজে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা হয়েছে। সদ্য ডিসেম্বরের শুরুতে চণ্ডীতলা-১ ব্লকে ২০টি নতুন পানীয় জলের উৎস তৈরির প্রকল্প অনুমোদন করা হয়েছে। একাধিক প্রাথমিক স্কুল, বাজার ওই পরিকল্পনার আওতায় এসেছে। নতুন বছরের মার্চ মাসের মধ্যে ব্লকের সমস্ত প্রাথমিক স্কুলে পরিশুদ্ধ পানীয় জলের উৎস তৈরির বিষয়টি নিশ্চিত করা হবে।
সম্পর্কিত সংবাদ