যমজ সন্তান যশ এবং রুহিকে একাই বড় করছেন করণ জোহর। একক অভিভাকত্ব এনজয় করছেন এই পরিচালক তথা প্রযোজক। কিন্তু দুই সন্তান একদিন তাঁকে এ নিয়ে নানা প্রশ্ন করবেই। মায়ের কথা জানতে চাইবে না। প্রশ্ন থাকবে জন্মবৃত্তান্ত নিয়েও। সেই ভয়ে এখন থেকেই আশঙ্কায় রয়েছেন করণ। সদ্য নেটফ্লিক্স প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি জানি ওদের জন্ম নিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। ওদের নানা কৌতূহল থাকবেই। সিঙ্গল পেরেন্ট হিসেবে আমি ওদের কাছে উত্তর দিতে বাধ্য।’ ২০১৭ সালে সরোগেসির মাধ্যমে করণের যমজ সন্তানের জন্ম হয়েছিল। কাজের বাইরে বাকি সময়টা পুত্র ও কন্যার সঙ্গেই থাকেন তিনি। করণের মা হিরু জোহর নাতি ও নাতনির দেখভাল করেন। মায়ের উপর দায়িত্ব দিয়ে খানিক নিশ্চিন্তই থাকেন করণ। একাধারে তিনিই যশ ও রুহির বাবা, মা। নানা অভিজ্ঞতার সমন্বয়ে এই জার্নির সবটাই এনজয় করছেন তিনি। ধীরে ধীরে বড় হচ্ছে দুই সন্তান। সরোগেসির বিষয়টা এখনই তাদের বোঝানো সম্ভব নয়। অথচ স্কুলে যাওয়ার সুবাদে বন্ধুদের দেখে ইতিমধ্যেই নানা কৌতূহল তৈরি হচ্ছে যশ ও রুহির। এবার ধীরে ধীরে সেসব প্রশ্ন আসবে করণের কাছেই।



