Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোয়াটসঅ্যাপে রাস্তার তথ্য দিন, ৪৮ ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস পূর্তমন্ত্রীর

হোয়াটসঅ্যাপে রাস্তার তথ্য দিন, ৪৮ ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস পূর্তমন্ত্রীর
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোয়াটসঅ্যাপে ছবি সহ রাস্তার সমস্যার কথা জানান। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। তাঁর অভিযোগ, রেল ওভারব্রিজ তৈরির অর্ধেক টাকা কেন্দ্রের দেওয়ার কথা থাকলেও, তা তারা দেয়নি। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে পূর্ত ও জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই রিপোর্ট তুলে আলোচনার প্রস্তাব রাখেন বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ। আলোচনায় অংশ নেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল, সুকান্ত পাল, তরুণকান্তি মাইতি, তপন দাশগুপ্ত এবং পূর্তমন্ত্রী পুলক রায়। আলোচনায় উঠে আসে যে, বাংলাজুড়ে রাস্তার কাজ হচ্ছে। সেই সঙ্গে চলছে সেতুর উন্নয়ন। বছরে চারবার সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মন্ত্রী তথ্য দেন, ৩২ হাজার ৯০০ কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। ৩০৫টি সেতু ও ১৯টি রেল ওভারব্রিজ নির্মাণ হয়েছে। এছাড়াও ৬০০ সেতুর পুনর্বাসন হয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থ ৪৮ হাজার ৫৫০ কোটি টাকা। একইসঙ্গে পূর্তদপ্তরের অধীনে থাকা কোনও রাস্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ থাকলে তা সরাসরি হোয়াটসঅ্যাপে নম্বরে জানানোর বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, ৯০৮৮৮২২১১১ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন রাস্তার ছবি সহ নাম দিয়ে। ৪৮ ঘণ্টার মধ্যে ‘প্যাচ ওয়ার্ক’ করে দেওয়া হবে। তাছাড়া বর্ষার মরশুমে রাস্তার দিকে বিশেষ নজর রয়েছে পূর্তদপ্তরের। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রত্যেক জেলাভিত্তিক রাস্তার তথ্য দিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। যেখানে রাস্তার উন্নয়ন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রয়েছে।কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছে, তার তথ্যও এদিন বিধানসভায় দিয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়। তাঁর বক্তব্য, আরওবি বা রেল ওভারব্রিজের ক্ষেত্রে অর্ধেক টাকা কেন্দ্র ও বাকি অর্ধেক রাজ্যের দেওয়ার কথা। কিন্তু মাঝেরহাট ব্রিজের ২৯৫ কোটি, হেমন্ত সেতুর ৫০৪ কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া আছে।

Advertisement

এদিন শাসক-বিরোধী তরজায় তপ্ত হয় বিধানসভার অধিবেশন। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিধানসভায় হইহট্টগোল করেন বিজেপি বিধায়করা। তাঁদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। একটি ধর্মীয় পতাকা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তাঁরা। এমনকী কাগজ ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ