Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

যন্ত্রণার মধ্যেও ছেলেদের লড়াইয়ে গর্বিত আর্তেতা

প্রিমিয়ার লিগে দীর্ঘ ২২ বছরের খরা আগেই কেটেছিল। ২০০৩-০৪ মরশুমের পর ফের লিগ জয়ের স্বাদ পায় আর্সেনাল। একই সঙ্গে তাদের সামনে সুযোগ ছিল প্রথমবার ইউরোপ সেরার শিরোপা অর্জনের।

যন্ত্রণার মধ্যেও ছেলেদের লড়াইয়ে গর্বিত আর্তেতা
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: প্রিমিয়ার লিগে দীর্ঘ ২২ বছরের খরা আগেই কেটেছিল। ২০০৩-০৪ মরশুমের পর ফের লিগ জয়ের স্বাদ পায় আর্সেনাল। একই সঙ্গে তাদের সামনে সুযোগ ছিল প্রথমবার ইউরোপ সেরার শিরোপা অর্জনের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিড নিয়েও শেষ পর্যন্ত টাই-ব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ ঘটে মিকেল আর্তেতা ব্রিগেডের। পেনাল্টি শ্যুট-আউটে আর্সেনালের এজে ও গ্যাব্রিয়েল লক্ষ্যভেদে ব্যর্থ হতেই শেষ হাসি হাসে পিএসজি। খেতাবের এত কাছে পৌঁছে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশায় ডুবেছেন গানাররা। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও ফাইনালে হার যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না কোচ আর্তেতা। ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়া, ‘এই হার মেনে নেওয়া কঠিন। এটা সত্যিই কষ্টের।’

Advertisement

শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ফুটবলারদের হাতে কাপ দেখতে চেয়েছিলেন অধিকাংশ ফুটবল অনুরাগী। তবে চাওয়া আর পাওয়ার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সেই দূরত্বটা মেটাতে পারেননি রাইস-সাকারা। ম্যাচে সিংহভাগ দাপট রেখে যোগ্য দল হিসেবেই খেতাব ধরে রাখতে সফল লুই এনরিকে ব্রিগেড। আর্সেনাল কোচ অবশ্য ছেলেদের লড়াইয়ে খুশি। তাঁর কথায়, ‘দুর্দান্ত একটা মরশুম কাটালাম। শেষটা এমন না হলে ভালো হতো। তবে ছেলেদের লড়াইয়ে আমি গর্বিত। প্রতিটি টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স মেলে ধরার চেষ্টা করেছে ওরা। ফাইনালেও শুরুটা দারুণ হয়েছিল। তবে ম্যাচে আমাদের ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হল। গত কয়েকদিন আমি টুর্নামেন্টের সব সিদ্ধান্ত খতিয়ে দেখেছি। সেই নিরিখে বলতেই পারি, ওটা আমাদের প্রাপ্য ছিল। তবে রেফারি ভিন্ন মত পেশ করেছেন। তাই সেই নিয়ে আর আক্ষেপ করে লাভ নেই। আগামী মরশুমে আমাদের আরও ভালো খেলতে হবে। উন্নতির ধারা বজায় রেখে এমন কিছু জায়গায় এগিয়ে যেতে হবে, যেগুলো শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফল এনে দেবে।’
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের কষ্টের মধ্যেই রবিবার প্রিমিয়ার লিগ জয়ের সেলিব্রেশন সারলেন আর্সেনালের ফুটবলাররা। ট্রফি নিয়ে হুডখোলা বাসে লন্ডনের রাস্তায় প্রদক্ষিণ করেন তাঁরা। তবে কোথাও যেন সেই উচ্ছ্বাসে রাশ টেনেছিল ইউরোপ সেরার খেতাব না পাওয়ার আক্ষেপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ