নয়াদিল্লি: ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ জায়গা পেল ভারতের প্রাচীন দুই গ্রন্থ ‘শ্রীমদ্ভাগবতগীতা’ এবং ‘নাট্যশাস্ত্র’। ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই স্বীকৃতি ভারতীয় সংস্কৃতি ও দর্শনের গভীর প্রভাবকেই বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এনিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই স্বীকৃতিকে ‘প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য গর্বের মুহূর্ত’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘গীতা ও নাট্যশাস্ত্র শতাব্দী ধরে সভ্যতাকে পথ দেখিয়েছে এবং মানবজাতির জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এই স্বীকৃতি ভারতের ঐতিহ্যের সর্বজনীন প্রাসঙ্গিকতার দলিল।’



