নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ‘পাড়ায় সমাধান’-এর ক্যাম্পে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক বীণা মণ্ডল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে এলাকায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের বালতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালতি হাইস্কুলেই এদিন বসেছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ক্যাম্প। নানা অভাব, অভিযোগ নিয়ে সেখানে হাজির হয়েছিলেন স্থানীয় মানুষজন। তখন সেখানে বিধায়ক যেতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষজন। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ।
স্থানীয় বাসিন্দা মহম্মদ রেজাউল হাসান, টিঙ্কু মল্লিক বলেন, বীণা মণ্ডল তিনবারের বিধায়ক হলেও এলাকায় সেভাবে উন্নয়নের কাজ করেন না। একাধিক রাস্তা খারাপ, অথচ তাঁকে এলাকায় দেখাই যায় না। তাই এদিন এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। যদিও বিক্ষোভের কথা মানতে নারাজ বিধায়ক বীণা মণ্ডল। তিনি বলেন, ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিয়মিত এলাকায় যাই। এদিনও ক্যাম্পে গিয়েছিলাম।
এদিকে, এদিন পাড়ায় সমাধান ক্যাম্প থেকে বিরোধী দলের সদস্যকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আব্দুল কাদের সর্দার কিছু সমস্যা ও অভিযোগ নিয়ে সরকারি ক্যাম্পে যান। অভিযোগ, তাঁর কোনও কথা শোনা হয়নি। উল্টে তাঁকে ওই ক্যাম্প থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আব্দুল সাহেব বলেন, ‘বেছে বেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের সুবিধা দেওয়া হচ্ছে। আমার কথা শোনাই হয়নি। উল্টে জোর করে বের করে দেয় তৃণমূলের কর্মীরা।’ এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই ক্যাম্পে। পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগির মণ্ডল বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ ক্যাম্পে এসে তাঁদের সুযোগ-সুবিধার কথা জানিয়েছেন। বিরোধী সদস্যের অভিযোগ ভিত্তিহীন।