বিশেষ সংবাদদাতা, ইম্ফল: এক বছরের রাষ্ট্রপতি শাসনের পর বুধবার মণিপুরে ফিরেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জুমনাম খেমচাঁদ সিং। কিন্তু জাতি হিংসা বিধ্বস্ত রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা কি ফিরবে? নতুন করে রাজ্যজুড়ে অশান্তি শুরু হওয়ায় এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিধানসভার নতুন অধিবেশন শুরু হওয়ার আগেই বন্ধের ডাক দেয় একাধিক কুকি সংগঠন। নতুন সরকারের সঙ্গে কুকি বিধায়কদেক সমঝোতা না করারও বার্তা দিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে মণিপুরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
খেমচাঁদ সিংয়ের সরকারে কয়েকজন কুকি বিধায়কের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ উগরে গিয়েছে ওই জাতি গোষ্ঠীর সংগঠন জয়েন্ট ফোরাম অফ সেভেন (জেএফ৭)। এর প্রতিবাদে শুক্রবার শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আউটার মণিপুর এবং কুকি অধ্যুষিত এলাকাগুলিতে ‘পূর্ণ ধর্মঘটে’র ডাক দিয়েছে তারা। নয়া সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছেন কুকি বিধায়ক নেমচা কিপজেন। কিন্তু তাঁর শপথগ্রহণের কয়েক ঘণ্টা পরই বুধবার রাতে কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার লেইমাখংয়ে টায়ার পুড়িয়ে পথ অবরোধ করা হয়। ‘বিশ্বাসঘাতক’, ‘দেশদ্রোহী’ লেখা প্লেকার্ড নিয়ে পথে নামে বিক্ষোভকারীরা। বিক্ষোভের রেশ ছিল দিল্লির মণিপুর ভবনের সামনেও।