নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফৌজদারি মামলায় প্রমাণের অভাবে অভিযুক্ত সিপিআইএমএল (লিবারেশন)‑এর নয় কর্মীকে শুক্রবার বেকসুর খালাস দিল ব্যাঙ্কশাল আদালত। বিচারকের মন্তব্য, জামিনে থাকা নয় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় তাঁদেরকে মামলা থেকে খালাস দেওয়া হল। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী ইয়াসিন রহমান জানান, ‘পুলিস রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই মিথ্যা মামলা দায়ের করেছিল। আদালতের রায়ে আমরা খুশি।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারতে আসার বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ জমায়েতে শামিল হয়েছিল সিপিআইএমএল (লিবারেশন)‑এর সমর্থকরা। অভিযোগ, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তাঁরা কলকাতার জহরলাল নেহেরু রোড ধরে মার্কিন দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, তাঁরা পুলিসি কাজে বাধা সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে লিবারেশনের ২৭ জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। তারমধ্যে পরবর্তী সময় ১৮ জনের কোনও হদিশ না মেলায় মোট নয়জনের বিরুদ্ধে চলে মামলা। সেই মামলায় এদিন সাক্ষ্য‑প্রমাণের অভাবে নয় অভিযুক্তকে বিচারক মামলা থেকে বেকসুর খালাস দেয়। যদিও আদালতের এই রায় নিয়ে সরকারি কৌঁসুলি কোনও মন্তব্য করেননি।



