নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শিক্ষার্থীদের না জানিয়েই জেইই (মেইন) পরীক্ষার কেন্দ্র বদল করা নিয়ে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ল পোলবায়। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা জানতে পারেন, তাঁদের নতুন পরীক্ষা কেন্দ্র প্রায় ৭০ কিমি দূরে। এই ঘটনার জেরে পোলবার কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন একদল পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা। খবর পেয়ে স্থানীয় বিডিও জগদীশ পাড়ুই ঘটনাস্থলে যান। পৌঁছয় পুলিসও।
বিডিও বলেন, মঙ্গলবার পোলবার রাজহাটের একটি কলেজে জেইই (মেইন)-এর একটি অংশের পরীক্ষা ছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরে তার স্থান বদল করে অন্য একটি কলেজকে পরীক্ষা কেন্দ্র করে দেয়। শিক্ষার্থীদের দাবি, তাঁরা বিষয়টি জানতেনই না। আমরা যতটা সম্ভব তাঁদের সাহায্য করার চেষ্টা করেছি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রশাসনের তরফে বিক্ষোভরত শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অতিরিক্ত সময়ের আশ্বাস দেওয়া হয়। ক্ষোভ কিছুটা প্রশমিত হয় তারপরই। যদিও একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, এই সমস্যার কারণে এদিন তাঁরা পরীক্ষায় বসতে পারেননি।