নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফের তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সদস্য নিযুক্ত হলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেতা। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক সিবিএফসি-র নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করে। তালিকায় মোট ১৮ সদস্যের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ। পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিন্টা, পল্লবী যোশি, সুনীল শেট্টি ও পরিচালক প্রিয়দর্শনের পাশাপাশি আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু জনপ্রিয় মুখও রয়েছেন নতুন কমিটিতে। সিনেমা, টেলিভিশন, সংগীত জগতের একাধিক ব্যক্তিত্বকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী তিন বছর দায়িত্বে থাকবেন নতুন কমিটির সদস্যরা।



