সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নেই। নিজস্ব জায়গায় ভবন তৈরির প্রস্তাব পাঠিয়েও উত্তর মেলেনি। যে জায়গায় বর্তমানে বিশ্ববিদ্যালয়, সেখানেও দীর্ঘদিন থাকা সম্ভব নয়। তাই ভবন না পাওয়া পর্যন্ত বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রটিকে আপাতত ক্যাম্পাস হিসেবে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিল উচ্চশিক্ষা দপ্তর। বুধবার চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, নাট্য উৎকর্ষ কেন্দ্রটি দেওয়া যাবে না। তাই ফের ক্যাম্পাসের খোঁজ শুরু করলেন নতুন উপাচার্য প্রণব ঘোষ। এবার বালুরঘাটের মাহিনগরে নিজস্ব জমির পাশেই একটি সরকারি অফিস নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপাচার্য। আগের উপাচার্য একাধিক জায়গা দেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য। কিন্তু না পাওয়ায় অবশেষে বেসরকারি বিএড কলেজে ক্যাম্পাস চলছিল। প্রণব ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হিসেবে নাট্য উৎকর্ষ কেন্দ্র দেওয়া যাবে না বলে উচ্চশিক্ষা দপ্তর থেকে চিঠি পেয়েছি। আশা করছি, অন্য কোথাও জায়গা পেয়ে যাব। এদিকে যে ভবনে বর্তমানে বিশ্ববিদ্যালয় চলছে, বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়। এছাড়াও নানা অব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তাই নতুন উপাচার্য এসেই স্থায়ী ভবনের খোঁজ শুরু করেন। পাশাপাশি বালুরঘাটের মাহিনগরে নির্ধারিত জায়গায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ভবন তৈরির জন্য রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগ খুলে যাতে সচল রাখা যায়, তার জন্য আপাতত একটি ক্যাম্পাস চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া সমীর সাহা এবং অপর্ণা বর্মন বলেন, এই ক্যাম্পাসে আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়। যেন মনেই হয় না এটি বিশ্ববিদ্যালয়। তাই ভালো কোথাও ক্যাম্পাস হলে ভালো হবে।



