Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫টি মৌজা নিয়ে হতে পারে গাজোল পুরসভা, প্রস্তাব রাজ্যে

গাজোল ব্লক সদরের ২৫ টি মৌজা নিয়ে হতে পারে গাজোল পুরসভা। মৌজাগুলির ম্যাপ, জমির বিস্তারিত বিবরণ, চাষ ছাড়া কতজন অন্য কাজের সঙ্গে যুক্ত, জনসংখ্যা কত- এসব নানা তথ্য দিয়ে গত সপ্তাহেই প্রস্তাব আকারে রাজ্যে পাঠিয়েছে ব্লক প্রশাসন।

২৫টি মৌজা নিয়ে হতে পারে গাজোল পুরসভা, প্রস্তাব রাজ্যে
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল ব্লক সদরের ২৫ টি মৌজা নিয়ে হতে পারে গাজোল পুরসভা। মৌজাগুলির ম্যাপ, জমির বিস্তারিত বিবরণ, চাষ ছাড়া কতজন অন্য কাজের সঙ্গে যুক্ত, জনসংখ্যা কত- এসব নানা তথ্য দিয়ে গত সপ্তাহেই প্রস্তাব আকারে রাজ্যে পাঠিয়েছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, আপাতত পুরসভা নিয়ে গাজোল ব্লক প্রশাসনের হাতে কোনো কাজ নেই। আগামী দিনে রাজ্য আরও তথ্য চাইলে, সেসবও পাঠিয়ে দেবে ব্লক প্রশাসন। সূত্রের খবর, ব্লক প্রশাসনের প্রস্তাবকেই সিলমোহর দিতে পারে রাজ্য। সোমবার গাজোল ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন,স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ভূমিদপ্তর থেকে আমরা তথ্য পেয়েছি। সেই রিপোর্ট কম্পাইল করে পুরসভার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 

Advertisement

গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহে এসেই বলেছিলেন, গাজোল পুরসভা হবে। ধাপে ধাপে কাজ এগিয়ে যাচ্ছে। এবার তা বাস্তবায়নের পথে। পুরসভা হলে এলাকার ভোল বদলে যাবে। ডবল ইঞ্জিনের সরকার থেকে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে পারব। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা পরই গাজোলে পুরসভা করতে চিঠি আসে রাজ্য থেকে। সেই মতো স্থানীয় প্রশাসন এবং ভূমি দপ্তর মাঠে নেমে পড়ে। কোন এলাকা অন্তর্ভুক্ত হবে, প্রধান, উপপ্রধান এবং বিধায়ককে নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, গাজোল ১, গাজোল ২, মাঝরা এবং শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের অংশ নিয়ে নতুন পুরসভা হতে পারে। ব্লক সদর এলাকার ম্যাপ, জনসংখ্যা সহ যাবতীয় তথ্য পাঠানো হয়েছে। গাজোল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, গাজোল পুরসভার মধ্যে ২৫ টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। তার প্রস্তাব দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ