বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ৫৫ লক্ষের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার প্রোমোটার
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ছ’বছর ধরে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে এক প্রোমোটারের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রায় ৫৫ লক্ষ টাকা প্রতারণা এবং অভিযোগকারিণীর পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। পরবর্তীকালে টাকা ফেরত চাইলে দিনের পর দিন তাঁকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। এই ঘটনায় রাজেশ রজক নামের ওই প্রোমোটারকে গ্রেপ্তার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর ওই মহিলাকে একটি ফ্ল্যাট দেবে বলে চুক্তি করেছিল প্রোমোটার রাজেশ। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফ্ল্যাট দেওয়া বা রেজিস্ট্রি কোনোটাই করা হয়নি বলে অভিযোগ। 
এরমধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে বহুবার শারীরিক সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। অভিযোগকারীর কথায়, তাঁর মায়ের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত থাকার সুযোগ নিয়ে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যায় রাজেশ। বিয়ের প্রতিশ্রুতিও দেয়। পাশাপাশি, মহিলার পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করে বলে অভিযোগ।
মঙ্গলবার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে ন’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। নির্যাতিতার আইনজীবী শরদিন্দু পাত্র বলেন, ‘বছরের পর বছর ধরে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে ওই প্রোমোটার। অভিযোগকারিণীকে শুধু শারীরিকভাবেই নয়, আর্থিক ও মানসিকভাবেও চরম নির্যাতন করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’