প্রয়াগরাজ, ৭ ফেব্রুয়ারি: ঢাকঢোল পিটিয়ে প্রচার চলছে। সংবাদমাধ্যমে প্রচারের পাশাপাশি বড় বড় হোর্ডিং, ব্যানার ও বিজ্ঞাপন দিয়ে দেশ তথা বিশ্ববাসীকে জানানো হচ্ছে পূর্ণকুম্ভের আয়োজন করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। কিন্তু সেই পূর্ণকুম্ভে নিরাপত্তা ও নজরদারির যে বিরাট অভাব রয়েছে তা আজ, শুক্রবার ফের প্রমাণিত হয়ে গেল। মৌনী অমাবস্যায় পূর্ণকুম্ভে যে পদপিষ্টের ঘটনার জেরে বহু পুণ্যার্থীর মৃত্যু হল, তার থেকেও শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশের প্রশাসন। ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ণকুম্ভে। এই নিয়ে তৃতীয়বার।
Advertisement
যদিও এদিনের অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে সেক্টর ১৮-র শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আচমকাই আগুন লাগে। খবর পেয়েই দ্রুত অকুস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্য সবরকম চেষ্টা চালান দমকলের কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এই অগ্নিকাণ্ডের জেরে পুণ্যার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন খাক চক থানার এক পুলিস আধিকারিক। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত পূর্ণকুম্ভে পুণ্যস্নান সেরেছেন প্রায় ৩৯ কোটি পুণ্যার্থী।



