Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রিয়াঙ্কার সাংসদ পদকে খারিজের দাবিতে আদালতে বিজেপি প্রার্থী

প্রিয়াঙ্কার সাংসদ পদকে খারিজের দাবিতে আদালতে বিজেপি প্রার্থী
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ওয়েনাড় লোকসভা আসনের উপ নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু একমাসের মধ্যেই তাঁর নির্বাচনকে আদালতে চ্যালেঞ্জ জানালেন পরাজিত বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। প্রিয়াঙ্কা মনোনয়নপত্রের হলফনামায় সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছেন। এমনই অভিযোগে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নব্যা। তাঁর দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভুল তথ্য পেশের জন্য আদালতের কাছে প্রিয়াঙ্কার সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন এই পরাজিত প্রার্থী। 
Advertisement
আগামী বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি হতে পারে।  যদিও এই মামলাকে পাবলিসিটি স্টান্ট বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, ‘সস্তার প্রচার’ পেতে আদালতে গিয়েছেন বিজেপি প্রার্থী। আদালত ওই আবেদন খারিজ করে নব্যাকে জরিমানা করবে বলেও দাবি করেছেন তিনি। আর এক কংগ্রেস নেতা মনিক্কম টেগর জানিয়েছেন, বিজেপির অভিযোগ জানানোর অধিকার রয়েছে। কিন্তু সত্য কংগ্রেসের পক্ষেই থাকবে।
লোকসভা নির্বাচনে ওয়েনাড় ও রায়বেরিলি থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। পরে ওয়েনাড়ের সাংসদপদ ত্যাগ করেন তিনি। উপ নির্বাচনে জিতে ওয়েনাড়ের সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা। তিনি নব্যাকে পাঁচ লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন। - ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ