নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যারা অলিম্পিক্স জয়ী এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় প্রণব সুর্মাকে সম্মানিত করল ব্যাঙ্ক অব বরোদা। প্রসঙ্গত, তিনি এই ব্যাঙ্কেরই আধিকারিক হিসেবে নিয়োজিত। ২০২৪ সালের প্যারা অলিম্পিক্সে রুপোর মেডেল পান প্রণব সুর্মা। দেশের হয়ে পদক আনার পাশাপাশি ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য গত মাসে তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। ব্যাঙ্ক অব বরোদার এমডি ও সিইও দেবাদত্ত চাঁদ বলেন, দেশের জন্য তিনি যে সম্মান এনে দিয়েছেন, তাতে আমরা গর্বিত। আমাদের যে স্পোর্টস কোটা আছে, সেখানে সম্ভাবনাময় ক্রীড়াবিদরা যাতে আরও এগিয়ে যেতে পারেন, তার চেষ্টা করা হয়। ব্যাঙ্কের তরফে প্রণব সুর্মাকে ম্যানেজার পদে প্রোমোশন দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার ও ব্যাঙ্কের ‘স্পোর্টসপার্সন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।



