নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এই সাতদিন প্রিয়জনের মন জয়ে কোনও কসুরই বাকি রাখছেন না প্রেমিক প্রেমিকারা। সঙ্গীর মুখে হাসি ‘বজায় রাখতে’ তুমুল ব্যস্ততা। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে থেকে প্রত্যেক দিনই নতুন পরিকল্পনা। মনে আনন্দ নিয়ে ভালোবাসার মানুষটির জন্য চকোলেট কিনতে গিয়ে বাইকই খুঁইয়ে বসলেন এক যুবক। সম্প্রতি চকোলেট ডে-তে এমনই কাণ্ডে মাথায় হাত মাটিগাড়ার যুবক শচীন সরকারের। যে কোনও ছেলের কাছে নিজের বাইক একটা আবেগ। ভালোবাসার সপ্তাহে নিজের এই ভালোবাসার জিনিসটি হারিয়ে বেজায় মনভার এই যুবকের। সান্ত্বনা দিলেও প্রেমিককে বিষণ্ণ দেখে হতাশ প্রেমিকাও। আপাতত পুলিসি তদন্তেই আস্থা রাখছে এই যূগল। পুলিস তন্ন তন্ন করে সেই যুবকের বাইকের খোঁজ করছে। প্রধাননগর থানার এক শীর্ষ পুলিস আধিকারিক জানিয়েছেন, একটি বাইক চুরির ঘটনা ঘটেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৫ নাগাদ মাটিগাড়ার বাসিন্দা শচীন সরকার তাঁর বাইকটি শিলিগুড়ি জংশন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে রেখে উল্টোদিকের দোকান থেকে চকোলেট কিনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তাঁর বাইকটি সেখান থেকে উধাও। অনেক চেষ্টা করেও সেই বাইকের খোঁজ পাননি তিনি। এলাকায় থাকা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেও কোনও লাভ হয়নি। এরপরই বাড়িতে ফিরে পরিবারের সকলকে বিষয়টি জানান তিনি। পরিবারের সকলে পরের দিন ৯ফেব্রুয়ারি প্রধাননগর থানায় সমস্ত বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ জানান। ঘটনার পর বাইকের সন্ধান শুরু করেছে পুলিস। ভালোবাসার সপ্তাহে এমন ঘটনায় মুষড়ে পড়েছেন শচীনবাবু। ওয়াকিবহাল মহলের দাবি, শহরজুড়ে বাইক চোর গ্যাংয়ের দাপট বেড়েছে। যেখানে সেখান থেকে বাইক চুরি করে পালাচ্ছে চোরের দল। শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় কয়েকটি আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পুলিসের তদন্তকারীদের একাংশের দাবি, ওই পথে একাধিক এলাকায় পাচার হয়ে যাচ্ছে চুরি যাওয়া বাইক, স্কুটার। খুব অল্প পয়সার বিনিময়ে সেই সকল সামগ্রী বিকোয় নানা জায়গায়। সেই কারণে বাইক চোর চক্রের নজরে শহরের একাধিক এলাকা রয়েছে। এই সকল দলকে ধরতে পুলিসের আরও বেশি নজরদারি প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন শহরের বাসিন্দাদের একাংশ।



