Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমিকাকে গিফ্ট দিয়ে পকেট ফাঁকা! টাকা জোগাড়ে ছাগল চুরি করে আটক যুবক

প্রেমিকাকে গিফ্ট দিয়ে পকেট ফাঁকা! টাকা জোগাড়ে ছাগল চুরি করে আটক যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: সরস্বতী পুজোই নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে!  এদিকে প্রেম সপ্তাহও প্রায় শুরু। সেজন্যই বিহার থেকে হিলির ত্রিমোহিনীতে ছুটে আসা। সরস্বতী পুজোয় ঘুরে, প্রেমিকাকে উপহার দিয়ে কার্যত পকেট ফাঁকা প্রেমিকের। হোটেলে থাকার কানাকড়িও নেই। বাধ্য হয়েই হিলির একটি ডাম্পিং গ্রাউন্ডে কোনওরকমে শ্রমিকদের সঙ্গে কয়েকদিন কাটান প্রেমিক। কিন্তু বাড়ি ফিরবেন কীভাবে? নিরুপায় প্রেমিক টাকা জোগাড় করতে অবশেষে ছাগল চুরির ছক কষেন। কিন্তু অদৃষ্টের কী পরিহাস! সে কাজেও বিফল। বৃহস্পতিবার ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। টাকা তো পেলই না, জুটল বেদম প্রহার। ছাগল চুরির দায়ে প্রেমিকের ঠাঁই হল থানায়। 
Advertisement
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কামারপাড়ায়। হিলি ব্লকের ত্রিমোহিনীর এক যুবতীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় বিহারের ওই প্রেমিকের। ওই প্রেমিক আগে হিমাচল প্রদেশে থাকলেও বর্তমানে বিহারে থাকেন। বছর পাঁচেক আগে দু’জনের পরিচয় হয়। প্রেমের টানে একসময় ওই যুবতীও বিহারে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে ঘর করা হয়নি। বেকার প্রেমিকের বাড়িও পছন্দ হয়নি প্রেমিকার। তাই নিজের বাড়ি ফিরে আসেন প্রেমিকা। পরিবারও রাজি ছিল না।
সংসার করা না হলেও গোপনে দিব্যিই চলছিল প্রেম। প্রেমিকার কথায় সরস্বতী পুজোয় দেখা করতে আসে বছর বাইশের যুবকটি। সারাদিন ঘুরে, রেস্তরাঁয় খাওয়া-দাওয়া করে ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষ্যে উপহারও দেন প্রেমিকাকে। কিন্তু এতসব করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায় প্রেমিকের। হোটেলে থাকার টাকা না থাকায় এদিক-ওদিক ঘুরে বেড়াতে থাকে। পুলিস সূত্রে খবর, ওই যুবক প্রেমিক ত্রিমোহিনীতেই একটি ডাম্পিং গ্রাউন্ডে শ্রমিকদের সঙ্গে কোনওরকমে দু’রাত কাটান। তাই টাকার অভাবে বাড়িও যেতে পারছিলেন না। বৃহস্পতিবার বালুরঘাটের কামারপাড়া এলাকায় ঘুরতে ঘুরতে একটি ফাঁকা মাঠ থেকে একটি ছাগল তুলে নেয়। চুপিসারে সেটিকে নিয়ে যায় কামারপাড়া হাটে। কিন্তু ছাগল মালিকের হাতে ধরা পড়ে যায় ‘চোর’। স্থানীয়রা  ছাগল চোরকে উত্তমমধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেন। তবে মালিক ছাগল ফিরে পাওয়ায় যুবকটিকে বেশি ‘শাস্তি’ দেননি। যুবকটির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
থানা থেকে প্রেমিকের ফোন যেতেই বালুরঘাটে ছুটে এসেছেন প্রেমিকা। লাজুক স্বভাব ও নিচু স্বরে তিনি বলেন, বাড়ি থেকে মেনে না নেওয়াতেই আমরা বাইরে দেখা করেছিলাম। ওর টাকার অভাবের কথা আমাকে কিছুই জানায়নি। জানালে টাকা জোগাড় করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম।
প্রেমিককে গিফ্ট দিয়ে টাকা শেষ এবং বাড়ি যাওয়ার টাকা জোগাড় করতে ছাগল চুরির ঘটনা শুনে অবাক বালুরঘাটের অনেকে। মোড়ের চায়ের দোকানে হাসিঠাট্টাও চলছে অনেক। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ছাগল চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। যদিও চুরির কথা মানতে চাননি ওই যুবতী। তাঁর কথায়, মনে হয়, হিন্দি বুঝতে না পেরেই চোর সন্দেহ করেছে স্থানীয়রা।
Advertisement
সম্পর্কিত সংবাদ