নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরুলিয়ায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গোবরডাঙার দাসপাড়ার বাসিন্দা আকাশ দাসের। সোমবার রাতে মৃত্যু হল আরও একজনের। মৃতের নাম বিপ্লব মণ্ডল (৩৫)। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে বিপ্লবের। তাঁর পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত।
Advertisement
গোবরডাঙার দাসপাড়ার আকাশ দাস ও তাঁর দু’ভাই মিলে গত শুক্রবার রাতে প্রায় ৮০ জন পর্যটককে নিয়ে রওনা দেন পুরুলিয়া। একটি বড় বাস এবং একটি ছোট চার চাকার গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব মণ্ডল, তাঁর স্ত্রী ও তিন বছরের মেয়ে ছিল ছোট গাড়িটিতে। শনিবার ভোরে পুরুলিয়ার হুড়া এলাকায় একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে চারচাকার গাড়িটির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ হয়। জখম হন বিপ্লব, তাঁর তিন বছরের মেয়ে ও স্ত্রী। বিপ্লবকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে, অবস্থার অবনতি হওয়ায় বিপ্লবকে আনা হয় কলকাতার এসএসকেএমে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার মৃত্যু হয় বিপ্লবের।



