সংবাদদাতা, বসিরহাট: মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুরুলিয়ায় বাড়ি ফেরাল হিঙ্গলগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংগঠন। তিন বছর আগে গুজরাত গিয়েছিলেন পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের বাসিন্দা অনিমেষ কুমার। এরপর মানসিক ভারসাম্য হারিয়ে নানা রাজ্যে ঘুরে হিঙ্গলগঞ্জ এসে পৌঁছন। তাঁকে হিঙ্গলগঞ্জের নানা প্রান্তে ঘুরতে দেখে বাসিন্দারা বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঠিকানা জোগাড় করা হয়। এরপর ওই এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। ভিডিও কলে কথা বলার পর তাঁর মা চিনতে পারেন ছেলেকে। এরপর উপযুক্ত প্রমাণ দেখিয়ে বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।



