সংবাদদাতা, ধূপগুড়ি: ঝাড় মাগুরমারীতে পানীয় জলের সাবট্যাঙ্কি হওয়ার কথা থাকলেও তা বসেছে প্রাক্তন প্রধানের জমিতে। ফলে দীর্ঘ দু’বছর ধরে স্বাভাবিক জল পরিষেবা পাচ্ছেন না ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারী ও ঝাড় মাগুরমারীর বাসিন্দারা। এই নিয়ে মঙ্গলবার গ্রামের মহিলারা ক্ষোভ প্রকাশ করেন।
Advertisement
তাঁদের অভিযোগ, মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন কাবেরী রায় গায়ের জেরে নিজের জমিতে পিএইচইর পানীয় জলের সাবট্যাঙ্কি বসিয়েছেন। যার ফলে গ্রামের সর্বত্র পানীয় জল না যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। পানীয় জলের সরবারহ ঠিক না হলে লাগাতার বিক্ষোভের ডাক দিয়েছেন পূর্ব মাগুরমারীর বাসিন্দারা। অজিত সরকার, বিশ্বজিৎ রায় বলেন, মাগুরমারী অঞ্চল ঘেঁষা পানীয় জলের রিজার্ভার রয়েছে। আর সেই রিজার্ভার থেকে পানীয় জল ঠিকমতো পৌঁছয় না বলে অপর একটি সাবট্যাঙ্কি ঝাড়মাগুরমারী এলাকায় হওয়ার কথা ছিল। কিন্তু প্রাক্তন প্রধান কাবেরী রায় ক্ষমতাবলে মূল পানীয় জলের রিজার্ভারের পাশেই তাঁর জমিতে সাবট্যাঙ্কি তৈরি করেন। আগে ঠিকমতো পানীয় জল পৌঁছলেও এখন এই দুই এলাকায় জলই আসে না। এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিকাশ রায় ও রতন রায়ের মতো স্থানীয়রা। গৃহবধূ অর্চনা রায় এবং সুলেখা রায় বলেন, পিএইচইর পানীয় জল না আসায় আমরা সমস্যায় পড়েছি। শীঘ্রই মহিলারা মিলে প্রাক্তন প্রধানের বাড়ি ঘেরাও করব।
তবে প্রাক্তন প্রধান বলেন, প্রশাসনই আমার জমি নির্বাচন করেছেন। বর্তমান প্রধান বর্ণশ্রী রায় বলেন, এই দুই এলাকায় পানীয় জল ঠিকমতো পৌঁছনোর ব্যবস্থা করা হবে।
তবে প্রাক্তন প্রধান বলেন, প্রশাসনই আমার জমি নির্বাচন করেছেন। বর্তমান প্রধান বর্ণশ্রী রায় বলেন, এই দুই এলাকায় পানীয় জল ঠিকমতো পৌঁছনোর ব্যবস্থা করা হবে।



