নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনিভাবে পার্ক করা ছিল একটি অটো। চালককে তা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। চালক কথা শোনেনি। শুরু হয় কথা কাটাকাটি। আচমকা সার্জেন্টকে ধাক্কা মারেন অটোচালক। ধাক্কার ফলে পড়ে গিয়ে পায়ে চোট পান সার্জেন্ট। তারপর অভিযোগ জানান পার্ক স্ট্রিট থানায়। শুক্রবার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্তকে।
Advertisement
শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী বলেন, ‘শুক্রবার ইলিয়ট রোডে ঘটনাটি ঘটে। সার্জেন্ট জখম হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় হাসপাতালে।’ এরপর তিনি জামিনের বিরোধিতা করেন। ধৃতের কৌঁসুলি অবশ্য যে কোনও শর্তে জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে সমস্যার সৃষ্টি। মক্কেল জামিন না পেলে পরিবারে সমস্যা তৈরি হবে।’ এরপর বিচারক কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আর্জি বাতিল করে দেন। অভিযুক্ত অটো চালককে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশও দিয়েছেন।



