Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিস থেকে ৭ লক্ষ টাকা লুট, গ্রেপ্তার দুই

পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিস থেকে ৭ লক্ষ টাকা লুট, গ্রেপ্তার দুই
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাথায় ফুল ফেসড হেলমেট। মঙ্গলবার ভরসন্ধ্যায় তাতে মুখ ঢেকে প্রযোজনা সংস্থার অফিসে হামলা চালাল তিন দুষ্কৃতী। অভিযোগ, রফি আহমেদ কিদোয়াই রোডের অফিস থেকে প্রায় সাত লক্ষ টাকা লুট করেছে তারা। সংস্থার কর্ণধারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিস। বুধবার রাতে এই ঘটনায় আব্বাস রাও ও আফতাব নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। একজন এখনও অধরা।
Advertisement
৪৬সি রফি আহমেদ কিদোয়াই রোড। এই ঠিকানার দোতলায় দৃষ্টি শ্রী আর্টস প্রাইভেট লিমিটেডের অফিস। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আচমকা সেখানে ঢুকে পড়ে তিনজন। তাদের পরনে ছিল জ্যাকেট। মাথায় মুখঢাকা হেলমেট। সেই সময় অফিসে উপস্থিত ছিলেন দু’জন কর্মী। অভিযোগ, তাঁদের ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, সংস্থার কর্মীদের বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁদের হাত-পা বেঁধে ক্যাশবাক্স থেকে একটি ব্যাগ লুট করে ‘হেলমেট গ্যাং’। টাকা নিয়ে চম্পট দেয় তারা। স্থানীয়রাই লুট হওয়ার কথা জানান প্রযোজনা সংস্থার কর্ণধার অলোককুমার ভাদানিকে। চেতলা থানা এলাকার বাসিন্দা তিনি। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান অলোকবাবু। তিনি এসে দুই কর্মীকে উদ্ধার করেন।
এই ঘটনার প্রেক্ষিতে সরাসরি পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন কর্ণধার। লুটের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পার্ক স্ট্রিট থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। লালবাজার সূত্রে খবর, প্রযোজনা সংস্থার অফিসের গেটের বাইরে সিসি ক্যামেরায় তিনজনকে হেলমেট পরা অবস্থায় ঢুকতে দেখা গিয়েছে। ছবিতে তাদের গতিবিধি সন্দেহজনক ঠেকে পুলিসের। অফিসের ভিতরে কোনও সিসি ক্যামেরা নেই। মঙ্গলবার রাতে ঠিক কী হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট হতে অফিসের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তুলে আনা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলেছে তাঁদের। এরপরেই ওই তিনজনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, আফতাব রাজাবাজারের বাসিন্দা। সে এর আগেও ডাকাতির অভিযোগে ধরা পড়েছিল। আব্বাসই এই ৭ লক্ষ টাকার খোঁজ এনেছিল, এমনটাই খবর পুলিস সূত্রে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ