নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শেয়ার বাজারে টাকা খাটিয়ে বিপুল মুনাফা পাইয়ে দেওয়া হবে। এই লোভ দেখিয়ে প্রচুর লোকের সঙ্গে প্রতারণার করায় একটি বেসরকারি সংস্থার কর্তাকে গ্রেপ্তার করেছে রাজ্যের ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেস। জানা গিয়েছে, হুগলির মগড়ার ওই বেসরকারি সংস্থাটির নাম ‘ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানি’। শেয়ার বাজারে লগ্নির প্রলোভন দেখিয়ে হুগলির পাশাপাশি বিভিন্ন জেলার প্রচুর মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করে ওই সংস্থাটি। বছরখানেক আগে সংস্থাটিতে টাকা বিনিয়োগ করে আর ফেরত পাননি আমানতকারীরা। সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা প্রতারণা করে সংস্থাটি। এরপরেই একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেস। সোমনাথ মুখোপাধ্যায় নামে সংস্থার এক কর্তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সোমনাথ জানান, আর্থিক প্রতারণার কাণ্ডে আমি একা নই, আরও অনেকে জড়িত রয়েছে।



