Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটিতে বিশাল সরকারি জমিতে বেসরকারি বাস সংস্থার অবৈধ গ্যারাজ

কামারহাটিতে সরকারি জমিতে বেসরকারি বাস সংস্থার অবৈধ গ্যারাজ। প্রশাসনের চিঠির পরও দখল অব্যাহত। বিস্তারিত পড়ুন।

কামারহাটিতে বিশাল সরকারি জমিতে বেসরকারি বাস সংস্থার অবৈধ গ্যারাজ
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সরকারি জমি। সেখানে বেসরকারি বাস সংস্থার গ্যারাজ। বহু বছর ধরে সরকারের প্রায় ৬০-৭০ বিঘা জায়গা এভাবেই দখল হয়ে রয়েছে। কামারহাটি পুরসভা ওই জায়গা পরিদর্শনের পাশাপাশি তা দখলমুক্ত করতে কয়েক মাস আগে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছিল। কিন্তু প্রভাবশালীদের মদত থাকায় শেষ পর্যন্ত কিছুই হয়নি। শনিবার ওই জমি পরিদর্শনে যায় কামারহাটির বিজেপি নেতৃত্ব। অবিলম্বে জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি নেতারা।

Advertisement

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া এই জমি এখন কার্যত সোনার চেয়েও দামি। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইন তৈরির জন্য জেলা প্রশাসনের থেকে ওই জমি ভাড়ায় নিয়েছিল নির্মাণকারী সংস্থা। জায়গাটি কাস্টিং ইয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল তখন। ওই সংস্থা কাজ সেরে চলে যাওয়ার পর তা ফাঁকা অবস্থায় পড়েছিল। গত বছর তিনেক ধরে ওই জায়গায় বেসরকারি বাস সংস্থার গ্যারাজ হয়েছে। একটি দূরপাল্লার ভলভো বাস কোম্পানি রীতিমতো শেড তৈরি করে বাসের রক্ষণাবেক্ষণ ও গ্যারাজ হিসাবে ব্যবহার করছে। সেখানে নিরাপত্তাকর্মীও রয়েছেন। কয়েক মাস আগে পুরসভার কনজারভেন্সি দপ্তরের সিআইসি সৌমিত্র পূততুন্ডু ওই জায়গা পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। পুর-আধিকারিকরাও পরিদর্শন করেন। পুরসভার তরফে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দেওয়া হয়। বলা হয়, সরকারি জায়গা বেআইনি দখলদার মুক্ত করা হোক। ওই জায়গায় একটি কলেজ ও আধুনিক বাস টার্মিনাল তৈরি হোক। মাঝে প্রশাসনের তরফে ওই জায়গা মাপজোকও করা হয়েছিল। কিন্তু সবকিছুই ধামাচাপা পড়ে যায়। রমরমিয়ে চলতে থাকে ওই বাস সংস্থার গ্যারাজ। এমনকি, পুরসভা চিঠি দেওয়ার পরও নতুন করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলার ও কামারহাটির প্রভাবশালীদের লক্ষ লক্ষ টাকা মাসোহারা দিয়ে ওই বিশাল জমি বাস সংস্থাটি দখল করে রেখেছে। এই অবস্থায় শনিবার কামারহাটির বিজেপি ১ নং মণ্ডলের কর্মীদের সঙ্গে নিয়ে ওই জায়গায় যান বিজেপি নেতা অরূপ চৌধুরী। সেখানে কর্মরত সংস্থার কর্মীদের থেকে সংস্থার ফোন নম্বর ও ঠিকানা নেওয়া হয়। সরকারি জায়গায় কোনো বেআইনি গ্যারাজ চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। অরূপবাবু বলেন, ‘দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অদূরে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে বিশাল জমি। এই জায়গার গুরুত্ব অপরিসীম। এমন মূল্যবান জমিতে স্টেডিয়াম থেকে শুরু করে নানা উন্নয়নমূলক সরকারি কাজ করা সম্ভব।  অথচ, বছরের পর বছর ওই জমি জবরদখল করে রাখা হয়েছে। এখান থেকে তৃণমূল বিপুল অঙ্কের কাটমানি পেত। এই অন্যায় বরদাস্ত করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা দলীয়ভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। কোনো বেআইনি ব্যবসা এলাকায় চলতে দেওয়া হবে না।’ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘আমরা ওই অবৈধ দখলদারি সরাতে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছিলাম। ওই জায়গায় কলেজ ও বাস টার্মিনাল তৈরির আবেদনও জানিয়েছিলাম। আমরা আবার প্রশাসনকে চিঠি দেব।’  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ