নিজস্ব প্রতিনিধি, তমলুক: নিষেধ সত্ত্বেও মন্দির চত্বরে প্রস্রাব করায় ভবঘুরে মহিলার গালে কামড় বসিয়ে মাংস তুলে নিল পুরোহিত। তারপর ওই পুরোহিত বিবস্ত্র অবস্থায় উদ্দাম নাচতে থাকে। ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় তমলুক থানার সোনাপেত্যায় শনি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশপাশের এলাকা থেকে লোকজন জড়ো হন। তাঁরা ওই পুরোহিতকে পুলিসের হাতে তুলে দেন। পাশাপাশি ওই ভবঘুরে মহিলাকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তমলুক থানার খামারচক গ্রামের সুজন মিশ্র প্রায় দু’বছর ধরে সোনাপেত্যায় একটি শনিমন্দিরে পুজো করে। প্রতিদিন সকাল ও বিকেলে দু’বার বাড়ি থেকে মন্দিরে এসে পুজো করত। পুজো শেষে আবার বাড়ি ফিরে যেত। শুক্রবার সন্ধ্যায় ওই পুরোহিত মন্দিরে ছিল। সেই সময় ভবঘুরে এক মহিলা প্রস্রাব করার জন্য সেখানে যায়। পুরোহিতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবঘুরে মহিলা সেখানেই প্রস্রাব করেন। এরপরই ক্রোধে ওই মহিলার বাঁ গালে কামড় বসিয়ে মাংস তুলে নেয়। খুবলে নেওয়া মাংস মুখ থেকে ফেলে ওই পুরোহিত নগ্ন হয়ে একটি পাঁচিলে উঠে বসে। খবর পেয়ে প্রচুর লোকজন জড়ো হন। তাঁরা ওই পুরোহিতকে পাঁচিল থেকে নেমে আসতে বললেও সে আসেনি। এরপর টেনেহিঁচড়ে তাকে নামিয়ে উত্তমমধ্যম দেওয়া হয়। খবর পেয়ে তমলুক থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতা তাকে পুলিসের হাতে তুলে দেয়।



