নিজস্ব প্রতিনিধি, কলকাত: রাজ্যে উৎপাদিত আলুর বেশিরভাগটাই হিমঘরে মজুত হয়ে গিয়েছে। নতুন আলুর কিছু অংশ এখন বাইরে রয়েছে। আপাতত সেটাই বাজারের চাহিদা মেটাচ্ছে। এই পরিস্থিতিতে আলুর দাম কিছুটা বেড়েছে। কলকাতার খুচরো বাজারে ১৭-১৮ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম ১২-১৩ টাকার আশপাশে রয়েছে। কয়েকদিন আগে খুচরো বাজারে জ্যোতি আলু ১৫ টাকার আশপাশে বিক্রি হয়েছে। দাম আরও কিছুটা বাড়লে তবেই হিমঘরে মজুত আলু বের হতে শুরু করবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সাধারণত এপ্রিল মাসের শেষ বা মে মাসের শুরুতে হিমঘর থেকে আলু বের হতে শুরু হয়। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, এখনও হিমঘরের বাইরে যে পরিমাণ আলু আছে তা বাজারের চাহিদা আরও কিছুদিন মেটাবে। হিমঘর মালিকদের সংগঠনের কর্তা পতিতপাবন দে জানিয়েছেন, বেশি দাম পাওয়ার আশায় এখন চাষিরা আলু কিছুটা ধরে বিক্রি করছেন। এতে দাম বাড়ছে।



