সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের ফলে অন্তঃসত্ত্বা যুবতী। বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে ধর্নায় বসলেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার সিমলা গ্রামে। পলাতক প্রেমিক ও তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের পাশের গ্রামে ওই যুবতীর বাড়ি। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতেই থাকতেন। পাশের গ্রাম সিমলায় মামার ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে যুবতীর। দু’বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁদের মধ্যে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে দাবি যুবতীর। বর্তমানে তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু কয়েকদিন আগে ওই যুবতী জানতে পারেন, তাঁর প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এরপরই বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী। তাঁর কথায়, দু’বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। প্রেমিক আশ্বাস দিলেও এখন বিয়ে করতে চাইছে না। তার পরিবার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে।
যদিও ওই প্রেমিকের বোনের দাবি, যুবতী ভিত্তিহীন অভিযোগ করছে। ওর সঙ্গে আমার দাদার কোনও সম্পর্ক নেই। সে একমাস বাইরে রয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, মেয়ে পক্ষ থানায় অভিযোগ করার পর তদন্ত শুরু হয়েছে।