Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর অত্যাচার, অভিযুক্ত শ্বশুর

পারিবারিক বচসার জেরে ছ’মাসের অন্তঃসত্ত্বা বউমার গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানার কুন্তীঘাট শেরপুর এলাকায়।

অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর অত্যাচার, অভিযুক্ত শ্বশুর
  • ৭ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পারিবারিক বচসার জেরে ছ’মাসের অন্তঃসত্ত্বা বউমার গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানার কুন্তীঘাট শেরপুর এলাকায়। যদিও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

সাত বছর আগে নির্যাতিতার বিয়ে হয় শেরপুরের বাসিন্দা সন্তু মালোর। সন্তুর অভিযোগ, বিয়ের পর থেকেই খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বাবা-মায়ের অশান্তি লেগেই থাকতো। এমনকী এর আগেও বউমার গায়ে হাত তুলেছিল তারা। সম্প্রতি বাড়িতে একটি জলের ট্যাঙ্ক বসানোর কথা ছিল। সেটিকে কেন্দ্র করেই এদিন সকালে বাড়িতে অশান্তি শুরু হয়। অভিযোগ, রাগের বশে গৃহবধূর শ্বশুর কেটলি থেকে তাঁর গায়ে গরম চা ঢেলে দেয়। গৃহবধূকে প্রথমে জিরাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তর করা হলেও গৃহবধূকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবার। গৃহবধূর স্বামী সন্তু মালো বলেন, ‘বিয়ের পর থেকেই আমার স্ত্রীর সঙ্গে বাবা মায়ের বনিবনা হতো না। স্ত্রী ছ’মাসের অন্তঃসত্ত্বা। তাই ওকে নিয়ে খুব চিন্তায় রয়েছি।’ স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কারণে থানায় লিখিত অভিযোগ জানানো সম্ভব হয়নি, দাবি সন্তুর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ