Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে পিটিয়ে খুন, গ্রেপ্তার তিন

মদ্যপান করার বিরোধিতা করতে গিয়ে প্রথমে শুরু হয় বচসা। আর সেই বচসাই মুহূর্তের মধ্যেই রূপ নেয় হাতাহাতিতে। আর তার পরিণতি গিয়ে দাঁড়াল খুনে।

প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে পিটিয়ে খুন, গ্রেপ্তার তিন
  • ২৪ আগস্ট, ২০২৬ ১২:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মদ্যপান করার বিরোধিতা করতে গিয়ে প্রথমে শুরু হয় বচসা। আর সেই বচসাই মুহূর্তের মধ্যেই রূপ নেয় হাতাহাতিতে। আর তার পরিণতি গিয়ে দাঁড়াল খুনে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়ায় প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক শেখর চৌধুরী ওরফে বান্টিকে পিটিয়ে খুনের অভিযোগ উত্তাল নোয়াপাড়া। এখনো পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম, বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরী। মৃতের বাড়িতে আজ সকালে পৌঁছন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এদিন পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন তিনি ও এই ঘটনার শোক প্রকাশ করেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের শেখর চৌধুরী গারুলিয়া পুরসভা এলাকায় মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন। অভিযোগ, বাড়ির পাশের একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। শেখর এর প্রতিবাদ করলে প্রথমে তাঁদের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, যুবকেরা ইট দিয়ে শেখরকে মারধর করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং। শেখরকে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, ধৃত তিনজনের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় নিষিদ্ধ মাদক বিক্রিসহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ