Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্কুলছাত্র

পূর্বস্থলীতে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্কুলছাত্র
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: পূর্বস্থলী থানার অগ্রদ্বীপে কীটনাশক খেয়ে এক স্কুলপড়ুয়া আত্মঘাতী হয়েছে। মৃতের নাম পিন্টু দেবনাথ(১৭)। এবার অগ্রদ্বীপ উচ্চবিদ্যালয় থেকে তার মাধ্যমিকে বসার কথা ছিল। কিন্তু পরীক্ষার আগেই সে বাড়িতে কীটনাশক খায়। তাকে বর্ধমান শহরের নবাবহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই সে মারা যায়। মৃতের কাকা সুশীল দেবনাথ বলেন, ও পরীক্ষার আগে পড়াশোনা না করে মোবাইল নিয়ে খেলছিল। এনিয়ে ওর বাবা বকাঝকা করেন। বকুনি খেয়ে অভিমানে সে আত্মঘাতী হয়েছে। 
Advertisement
বীরভূমের নানুর থানার গোপডিহি গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। সুজন দাস(৩৫) নামে ওই যুবক কয়েকদিন আগে বাড়িতে কীটনাশক খান। মঙ্গলবার সকালে বর্ধমান মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, সংসারে অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।
মঙ্গলকোট থানার সারুলিয়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত রাহুল বৈরাগী(২০) পেশায় শাটারিং মিস্ত্রি ছিলেন। সোমবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের লোকজন ধন্দে রয়েছেন।
ভাতার থানার নর্জায় লরি-ডাম্পারের সংঘর্ষে লরির চালকের মৃত্যু হয়েছে। মৃত মনোজিৎ মণ্ডল(২৬) বীরভূমের কীর্ণাহার থানার কৈচড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার ভোরে লরিতে কলাবোঝাই করে বাদশাহী রোড ধরে বর্ধমানে আসছিলেন। নর্জার কাছে একটি ডাম্পার তাঁর লরিতে ধাক্কা মারলে মনোজিৎ গুরুতর জখম হন। পুলিস বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস ডাম্পার ও লরিটি বাজেয়াপ্ত করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ