নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব কলকাতা জলাভূমিতে গড়ে উঠেছে কয়েক হাজার বেআইনি নির্মাণ। অথচ পুরসভা কিছু নির্মাণকে বেআইনি আখ্যা দিলেও বাকিগুলিকে ছাড় দিচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে মামলায় নিযুক্ত সবপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে এবং সেগুলির বিরুদ্ধে পুরসভা কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে ৫ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার বিচারপতির মন্তব্য, ‘এই নির্মাণগুলি বেআইনিভাবেই গড়ে উঠেছে। তবে আমি অবগত, পুরসভা বা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ কখনই এই ধরনের অনুমোদন দেয়নি।’ এদিন পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের তরফে আইনজীবী আদালতে জানান, তাঁদের অনুমতি ছাড়াই সোনারপুর, চৌবাগা, নোনাডাঙা সহ বিভিন্ন জায়গায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। তাঁরা তা চিহ্নিত করেছেন। পরবর্তী শুনানিতে পুরসভা, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ সহ মামলার সমস্ত পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।



