Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে রেশনে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি

আজ থেকে রেশনে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ জেলার মানুষের হাতে পৌঁছে যাবে আজ, মঙ্গলবার থেকেই। খাদ্য ও সরবরাহ দপ্তরের মাধ্যমে কোচবিহার জেলার প্রায় ৬ লক্ষ ৭০ হাজার বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। প্রসাদ বিতরণের জন্য দুয়ারে রেশন ব্যবস্থাকে বেছে নিয়েছে রাজ্য সরকার। 

Advertisement

আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগেই প্রত্যেকটি বাড়িতেই জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাক্সে প্রসাদের পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবিও থাকবে। রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের ওই প্রসাদ যেভাবেই হোক পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। সেই মতো কোচবিহার জেলাতেও একাধিক টিম তৈরি করেছে জেলা প্রশাসন। 
জেলার ১২টি ব্লক এবং ছ’টি সদর মিলিয়ে মোট ১৮টি ইউনিটে কাজটিকে ভাগ করা হয়েছে। প্রসাদ বিলি যাতে সুষ্ঠভাবে হয় তা দেখবে সংশ্লিষ্ট ইউনিট। ওই সরকারি কর্মীদের পাশাপাশি কাজটি তদারকি করবেন এসডিও, বিডিও। পাশাপাশি প্রসাদ বিতরণ প্রক্রিয়ার উপর বিশেষভাবে নজর রাখবেন খোদ জেলাশাসক। কোচবিহার জেলায় সব মিলিয়ে ৬২৬টি রেশন দোকান রয়েছে। ডিলাররা প্রতিমাসে নিজেদের এলাকার বিভিন্ন জায়গায় দুয়ারে রেশনের ক্যাম্প করেন। সেই ক্যাম্পে এসে গ্রাহকরা রেশন সংগ্রহ করেন। দুয়ারে রেশনের ক্যাম্পের মাধ্যমেই জগন্নাথ মন্দিরের ওই প্রসাদ বিলি করা হবে। 
কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, মঙ্গলবার থেকেই জেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হবে। এলাকায় এলাকায় যে দুয়ারে রেশনের ক্যাম্প হয় তারমাধ্যমে বিলি করা হবে। আগামী ২৭ জুনের মধ্যে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে ওই প্রসাদ। এরপরেও যদি কেউ বাকি থাকেন তাঁদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কাজের জন্য জেলার ১২টি ব্লক ও ছ’টি সদর মিলিয়ে ১৮টি ইউনিট তৈরি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ