সংবাদদাতা, উলুবেড়িয়া: কথায় আছে, প্রসাদ কণিকা মাত্র। আর সেই কণিকা মাত্র প্রসাদ পেয়েই আবেগে কেঁদে ফেললেন উলুবেড়িয়ার বাসিন্দা বছর ৭৫- এর বীণা পণ্ডিত। সোমবার সকালে রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হাতে নেওয়ার পর দুটি হাত কপালে ঠেকিয়ে বৃদ্ধা বললেন, জয় জগন্নাথ। দু’চোখের কোণায় থাকা জল কাপড়ের খুঁট মুছতে মুছতে বৃদ্ধা বললেন, ছোটবেলায় একবার পুরী গিয়েছিলাম। আর যাওয়া হয়নি। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। কোনওদিন সেখানে যেতে পারব না। তবে ঘরে বসে প্রভু জগন্নাথদেবের প্রসাদ পেয়েছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল জানান, এদিন মহকুমার ৫৫ হাজার পরিবারের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়েছে।



