নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, এই মামলায় কেন্দ্রের বক্তব্যের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে মামলাকারীর আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে তাও জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চে। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল। অভিযোগ, প্রকল্পে আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের সহায়তা করার কথা বলা হয়েছে। অথচ, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা তাঁরাই পাচ্ছেন যাদের দ্বিতীয় সন্তান কন্যা। প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা দুটি কিস্তিতে এবং দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাহলে ৬ হাজার টাকা এককালীন দেওয়া হয়। ১৯৭৫ সালের আইসিডিএস প্রকল্প অনুযায়ী, এই সুবিধা দেওয়া হয় ফুড সেফটির জন্য, প্রত্যেক গর্ভবতীকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য। এখানে সন্তানের লিঙ্গ বৈষম্য হওয়া উচিত নয় বলে দাবি মামলায়।



